September 13, 2026

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, বছরে পরিবারপিছু ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা

সোমালিয়া ওয়েব নিউজ:পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা (MMSBY)’ নামে একটি নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে পরিবারপিছু সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের স্থায়ী বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হচ্ছে। যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকলেও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)-এর আওতায় নেই, তাঁদের জন্য এই প্রকল্প কার্যকর হবে। তবে কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষ এই প্রকল্পের বাইরে থাকবেন। এর মধ্যে রয়েছে বার্ষিক ৮ লক্ষ টাকার বেশি আয়ের পরিবার, রাজ্য বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মী ও পেনশনভোগী, ইএসআই সুবিধাভোগী, বিভিন্ন সরকারি সংস্থার গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সভুক্ত কর্মী এবং ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা, যাঁরা ইতিমধ্যেই আয়ুষ্মান বয় বন্দনা প্রকল্পের আওতায় রয়েছেন।

বিশেষ ক্ষেত্রে, সিএএ বা এসআইআর সংক্রান্ত আবেদন বিচারাধীন থাকলেও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করলে আবেদনকারীকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা, পরিবারভিত্তিক কার্ড, পরিবারের সদস্যসংখ্যায় কোনো ঊর্ধ্বসীমা না থাকা এবং পূর্ববর্তী রোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত থাকা। আধারভিত্তিক পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে এবং চিকিৎসা হবে AB PM-JAY-এর নির্দেশিকা অনুযায়ী। তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর হবে এই প্রকল্পের নোডাল দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি, পশ্চিমবঙ্গ হবে বাস্তবায়নকারী সংস্থা। প্রকল্পের চূড়ান্ত রূপরেখা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং অর্থ দপ্তরের সমন্বয়ে নির্ধারিত হবে।

Loading