সোমালিয়া ওয়েব নিউজ: হুগলির বেঙ্গাই এ অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের মূল ফটকের পাশেই রয়েছে একটি যাত্রী প্রতীক্ষালয়।কলেজ কর্তৃপক্ষের উদ্যোগেই ২০০৪ সালে এই যাত্রী প্রতীক্ষালয়টি নির্মিত হয়। ওই বছরেই ১০ আগস্ট হুগলি জেলা পরিষদের পূর্ত, কার্য ও পরিবহন স্থায়ী সমিতির তৎকালীন কর্মাধ্যক্ষ ডা. দেবকুমার চ্যাটার্জির(ভেটেনারি ডাক্তার) হাত ধরে উদ্বোধন হওয়া এই প্রতীক্ষালয় দীর্ঘদিন ধরে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ যাত্রীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সেটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতীক্ষালয়টির কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে ছাউনির অ্যাসবেস্টসের একাধিক অংশ ভেঙে পড়েছে। ভাঙা ছাউনি দিয়ে বৃষ্টির জল মেঝেতে পড়ে জমে থাকছে। প্রতীক্ষালয়ের মেঝে নোংরা ও পিচ্ছিল হয়ে যাওয়ায় সেখানে দাঁড়ানো বা বসা প্রায় অসম্ভব। পাশাপাশি প্রতীক্ষালয়ের সামনের অংশ আগাছায় ভরে গিয়েছে, যা আরও দুর্ভোগ বাড়িয়েছে। এর ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ছেন কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। যাত্রীদের জন্য নির্মিত এই প্রতীক্ষালয় বর্তমানে আর তার মূল উদ্দেশ্য পূরণ করতে পারছে না। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রতীক্ষালয়টির রক্ষণাবেক্ষণে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষ ড. শম্পা পাল-এর সাথে আমরা কথা বলি। তিনি জানান, প্রতীক্ষালয়ের সমস্যার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ অবগত। তিনি বলেন, কলেজের গভর্নিং বডি গঠিত হওয়ার পর প্রতীক্ষালয় সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, এই সমস্যায় শুধু ছাত্র-ছাত্রী নয়, শিক্ষক-শিক্ষিকারাও ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও জানান, প্রতীক্ষালয়টি রাস্তার তুলনায় নিচু জায়গায় হওয়ায় সেখানে জল জমে থাকে এবং এই সমস্যারও স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। দীর্ঘ দুই দশকের বেশি সময় আগে নির্মিত এই যাত্রী প্রতীক্ষালয় আজ অবহেলা ও অযত্নের চিহ্ন বহন করছে। এখন দেখার, কলেজ কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবে কত দ্রুত কার্যকর হয় এবং ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রীদের জন্য প্রতীক্ষালয়টি আবারও ব্যবহারযোগ্য হয়ে ওঠে কি না। সময়ই তার উত্তর দেবে।

![]()

More Stories
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ