সোমালিয়া ওয়েব নিউজ: দমদম বিমানবন্দরে পাচারের আগেই উদ্ধার হল বিপুল সংখ্যক দুর্লভ প্রজাতির মাছ। বিমানবন্দর থেকে প্রায় ৫৫০টি চানা বার্কা (Channa barca) বা ‘স্নেক হেড ফিশ’ উদ্ধার করেছেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। উদ্ধার হওয়া মাছগুলির আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দমদম বিমানবন্দর থেকে মাছগুলিকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছগুলিকে আটক করেন বন্যপ্রাণী অপরাধ দমন শাখার আধিকারিকরা। এত বিপুল সংখ্যক দুর্লভ মাছ কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
চানা বার্কা অত্যন্ত মূল্যবান ও দুর্লভ প্রজাতির স্নেকহেড মাছ হিসেবে পরিচিত। শৌখিন অ্যাকোয়ারিয়াম ও বিদেশি বাজারে এই মাছের চাহিদা থাকায় আন্তর্জাতিক পাচারচক্রের নজরে রয়েছে এই প্রজাতি। ফলে দমদম বিমানবন্দরে বিপুল সংখ্যক মাছ উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী পাচার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উদ্ধার হওয়া মাছগুলির উৎস, গন্তব্য এবং পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

![]()

More Stories
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি গড়ার সিদ্ধান্ত রাজ্যের
লোকতন্ত্র সেনানী’দের সম্মান, মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক-সহ একাধিক সুবিধার ঘোষণা
জমি জট ও অসহযোগিতায় বাতিল হয়েছিল একাধিক রেল প্রকল্প, ফের বাস্তবায়নের সিদ্ধান্ত: রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব