সোমালিয়া ওয়েব নিউজ: দুর্গোৎসবের আনন্দকে সমাজসেবার মধ্য দিয়ে আরও অর্থবহ করে তুলতে এগিয়ে এল গোঘাটের ভাদুড়ের কুলকী গ্রামের ‘আমরা কজন’ ক্লাব। পুজোর খরচ থেকে বিশেষ অর্থ সাশ্রয় করে গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন ক্লাবের সদস্যরা। নবমীর সন্ধ্যায় কুলকী শীতলা মন্দিরের সন্নিকটে আয়োজিত এই কর্মসূচিতে কম্বল, চারা গাছ এবং পড়াশোনার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। উৎসবের মরশুমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এদিন দুঃস্থদের হাতে কম্বল তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের চারা গাছ। অন্যদিকে, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের উৎসাহিত করতে তাদের হাতে বই, খাতা, রং পেন্সিল-সহ নানা শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। পুজোর আনন্দের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্র প্রচারক রমাপদ পাল, তারকেশ্বর জেলার সম্পর্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিতাই চন্দ্র নায়েক, আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বর্তমান চেয়ারম্যান মধুসূদন বাগ এবং তারকেশ্বর জেলার সহ প্রচার প্রমুখ আশীষ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকাশ পাল, আশিস নন্দী, সুশান্ত পাল, কৌশিক রায়-সহ অন্যান্য কার্যকর্তারা।
অনুষ্ঠানের সূচনায় অতিথিরা মা দুর্গার চরণে ফুল নিবেদন করে প্রণাম জানান এবং আশীর্বাদ গ্রহণ করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে তাঁদের চন্দনের ফোঁটা, উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সম্মান জানানো হয়। পরে অতিথিদের হাত দিয়েই উপভোক্তাদের মধ্যে কম্বল, চারা গাছ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রমাপদ পাল সমাজে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সকলকে একসঙ্গে চলার এবং সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি, নারীশক্তির সম্মান রক্ষা এবং ভারতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তাও দেন তিনি।
‘আমরা কজন’ ক্লাবের এই উদ্যোগে উঠে এল এক বিশেষ সামাজিক বার্তা—উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দের ভাগ পৌঁছে যায় সমাজের প্রান্তিক মানুষের কাছেও। দুঃস্থদের পাশে দাঁড়ানো, পড়ুয়াদের শিক্ষার উপকরণ জোগানো এবং পরিবেশ রক্ষায় চারা গাছ বিতরণের মতো উদ্যোগের মধ্য দিয়ে কুলকী গ্রামের এই ক্লাব দুর্গোৎসবকে মানবিকতার এক সুন্দর উদাহরণ হিসেবে তুলে ধরল।


![]()

More Stories
পুজোর আগে চাতরায় মানবসেবার উদ্যোগ, প্রায় ৩০০ মহিলার হাতে নতুন বস্ত্র
ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা হুগলি জেলা পরিষদের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস
সংঘর্ষ-সন্ত্রাসের সেই দিন থেকে আজকের সংগঠন, বিমান ঘোষকে ঘিরে দিলীপ ঘোষের স্মৃতিচারণায় উঠে এল আরামবাগের লড়াইয়ের গল্প