August 10, 2026

পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের ‘সাধভক্ষণ’, নজরকাড়া মানবিক উদ্যোগ

প্রায় ৫০ জন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে বিশেষ আয়োজন, উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষ

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য আয়োজন করা হল ঐতিহ্যবাহী ‘সাধভক্ষণ’ অনুষ্ঠানের। চিকিৎসা করাতে হাসপাতালে আসা প্রায় ৫০ জন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে বুধবার সকালে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালানপুর ব্লকের নতুন বিএমওএইচ চিকিৎসক তন্ময় মণ্ডলের সার্বিক পরিকল্পনায় এবং হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়। হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন। বাঙালির ঐতিহ্যবাহী ‘সাধভক্ষণ’ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অন্তঃসত্ত্বা মায়েরা। চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন বিএমওএইচ-এর পরিকল্পনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠান হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য পরিষেবার বাইরেও এক ভিন্ন মানবিক বার্তা তুলে ধরেছে। গর্ভবতী মায়েদের মানসিক আনন্দ ও সামাজিক-সাংস্কৃতিক পরিসরের সঙ্গে স্বাস্থ্য পরিষেবাকে যুক্ত করার এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে।

Loading