August 16, 2026

স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ রাজ্যের

সোমালিয়া ওয়েব নিউজ: সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে ১০০টি অমৃত ফার্মেসি এবং সাড়ে চারশোর বেশি ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধী কেন্দ্র’ স্থাপনের লক্ষ্যে ‘হিন্দুস্থান লাইফ কেয়ার লিমিটেড’-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সাধারণ মানুষ তুলনামূলক কম দামে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা-সামগ্রী পাওয়ার সুযোগ পাবেন।

চোখের চিকিৎসা পরিষেবাকে আরও মানুষের নাগালের মধ্যে আনতে চালু করা হয়েছে ‘সুদৃষ্টি’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চোখের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়াই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, স্বাস্থ্য বিমা পরিষেবার আওতাও আরও বিস্তৃত করা হয়েছে। ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’-র আওতায় এবার কোমর ও হাঁটুর অস্ত্রোপচারও করানো যাবে। ফলে অস্থি ও সন্ধি-সংক্রান্ত জটিল সমস্যায় আক্রান্ত বহু রোগী সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের মাধ্যমে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।

রাজ্য সরকারের দাবি, ওষুধের খরচ কমানো থেকে শুরু করে বিনামূল্যে চোখের চিকিৎসা এবং জটিল অস্ত্রোপচারকে স্বাস্থ্য বিমার আওতায় আনা—এই উদ্যোগগুলির মূল লক্ষ্য হল চিকিৎসার আর্থিক বোঝা কমিয়ে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করে তোলা।

Loading