August 19, 2026

দুর্গাপুজোর আগেই বনকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজ: দুর্গাপুজোর আগেই রাজ্যের বন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মোহরকুঞ্জে ‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির উদ্বোধনী মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের প্রায় ৫০০ জন রেঞ্জারের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। একইভাবে প্রায় ৫০০ জন বিট অফিসার এবং ৬৫০ জন ফরেস্ট গার্ডেরও মাসিক বেতন ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হবে।

এর পাশাপাশি রাজ্যের প্রায় ১,৫০০ জন বন সহায়কের মাসিক ভাতাও বাড়ানো হচ্ছে। বর্তমানে তাঁরা মাসে ১০ হাজার টাকা ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই ভাতা বেড়ে ১২ হাজার টাকা হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বেতন ও ভাতা বৃদ্ধির এই সুবিধা পুজোর আগেই কার্যকর হবে। ফলে দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা আর্থিকভাবে বাড়তি সুবিধা পাবেন।

বন সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং জঙ্গল পাহারার মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বন দপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান মুখ্যমন্ত্রী।

Loading