August 19, 2026

সমাজমাধ্যমে ভারতবিরোধী প্রচারের অভিযোগ, ভাঙড় থেকে গ্রেফতার এক

সোমালিয়া ওয়েব নিউজ: সমাজমাধ্যমে ভারতবিরোধী উস্কানিমূলক মন্তব্য ও প্রচার চালানোর অভিযোগে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে ‘মুঘলে আজম’ এবং ‘জিহাদ-ই-সবিবিল্লাহ’ নামে দুটি অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত ভারতবিরোধী প্রচার চালানোর অভিযোগ ছিল ধৃতের বিরুদ্ধে। ওই দুই অ্যাকাউন্টে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য ও পোস্ট করা হত বলে তদন্তকারীদের দাবি।

সমাজমাধ্যমে ওই ধরনের কার্যকলাপের বিষয়ে নজরদারি চালানোর সময় বেঙ্গল এসটিএফের নজরে আসে বিষয়টি। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে ভাঙড় এলাকা থেকে জিন্নাতুল কিবরিয়াকে গ্রেফতার করা হয়।

ধৃতের ব্যবহৃত সমাজমাধ্যমের অ্যাকাউন্ট, পোস্ট এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই প্রচারের পিছনে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, কিংবা এর সঙ্গে কোনও সংগঠিত নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য সংগ্রহের পাশাপাশি ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Loading