August 21, 2026

বন্যাকবলিত পূর্ব মেদিনীপুরে ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ ও সেবাকার্য

সোমালিয়া ওয়েব নিউজ: ক্রমাগত বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। হলদিয়া, তমলুক, মহিষাদল-সহ জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একইভাবে পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকেও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বিপাকে পড়েছেন বহু মানুষ।

এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল-সহ বন্যাকবলিত প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। দুর্গতদের হাতে তুলে দেওয়া হচ্ছে শুকনো খাবার, প্রয়োজনীয় বস্ত্র এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি বহু মানুষের জন্য রান্না করা খিচুড়িও বিতরণ করা হচ্ছে।

ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য। বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে যত দ্রুত সম্ভব খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

শুধু পশ্চিমবঙ্গ নয়, অসমেও দীর্ঘদিন ধরে বন্যাকবলিত মানুষের পাশে থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। চলতি বছরেও অসমের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সংঘের পক্ষ থেকে সেবাকার্য পরিচালনা করা হয়েছে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেই জানিয়েছে সংঘ।

Loading