September 9, 2026

মহালয়ায় শারদোৎসবের সূচনা, পুজো ও ডিজে নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজঃ ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতিকে সামনে রেখে এবার মহালয়ার দিনই আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে রাজ্য সরকার। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে গতকাল এক অনুষ্ঠানে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয়া উৎসবের সূচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনও পুজোর উদ্বোধনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। জাতীয় সড়ক-সহ কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ রাস্তা আটকে কোনওভাবেই পুজো করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এবার বিজয়া দশমীর পর কোনও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে না। পাশাপাশি মহাঅষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি বারেও মদ বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর দিনগুলি এবং বিসর্জনের দিন ডিজে বাজানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে পুজো কমিটিগুলিকে এই সমস্ত নির্দেশ কঠোরভাবে মেনে চলার বার্তা দেওয়া হয়েছে।

Loading