September 9, 2026

কিশোরী মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ, পকসো আইনে মামলা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজঃ কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। ১৮ বছরের কম বয়সি কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মাত্র ছয় মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক ঘটনা মুর্শিদাবাদ জেলায়—১২ হাজার ৮৪৭টি। বাল্যবিবাহের পাশাপাশি নাবালিকা গর্ভধারণের পিছনে কী কারণ রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপরও জোর দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইন মেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিশোরী মাতৃত্বের এই পরিসংখ্যান সামনে আসায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Loading