October 11, 2026

পুরসভা নির্বাচনে প্রার্থী হতে সাধারণ মানুষকেও আহ্বান বিজেপির, মুরলীধর সেন লেনে রাখা হবে ড্রপ বক্স

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন পুরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাল বিজেপি। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও প্রার্থী হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পুরসভা নির্বাচনের ইনচার্জ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রার্থী হওয়ার জন্য বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনে একটি ড্রপ বক্স রাখা হবে। দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ সেখানে নিজেদের নাম দিয়ে প্রার্থী হওয়ার আবেদন জমা দিতে পারবেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জয়লাভের ক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান সুকান্ত মজুমদার। পাশাপাশি প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি, সংশ্লিষ্ট এলাকা বা ওয়ার্ডে তাঁর গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতাকেও বাছাইয়ের অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। যুব সমাজ-সহ সমাজের সর্বস্তরের মানুষকে শুধু দর্শকাসনে বসে হাততালি না দিয়ে সরাসরি রাজনীতির ময়দানে নেমে কাজ করার আহ্বান জানাতেই এই উদ্যোগ বলে জানান তিনি। বিজেপি একটি স্বচ্ছ কলকাতা পুরনিগম গঠন করতে চায় বলেও দাবি করেন সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, প্রস্তাবিত পুরনিগম কোনও প্রোমোটার বা ডেভেলপারের দ্বারা পরিচালিত হবে না। পুরসভা নির্বাচনে অন্য কোনও দলের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে দলের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাঁর কাছে কোনও নির্দেশ আসেনি। বিজেপি প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডে এককভাবে নির্বাচনে লড়াই করবে বলেও জানান তিনি। পাশাপাশি, নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি ওয়ার্ডে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বিজেপি কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলির সমাধানে নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হবে। এই কর্মসূচিতে যুব সমাজকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান সুকান্ত মজুমদার।

Loading