October 23, 2026

পশ্চিমবঙ্গে এনসিসির প্রসারে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা, পুজোয় প্রশাসনকে সাহায্য ৮ হাজার ক্যাডেটের

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজে পড়ুয়াদের মধ্যে ন্যাশনাল ক্যাডেট কোর বা NCC-এর আরও প্রসারে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করলেন NCC-এর পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের ADG মেজর জেনারেল এ পি এস চাহাল। আজ নিউ আলিপুরে ডিরেক্টরেটের দফতরে দুর্গাপুজোয় স্বেচ্ছাসেবকের কাজে অংশ নেওয়া নির্বাচিত NCC সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, দুর্গাপুজোর ছয় দিন সারা রাজ্যে NCC সদস্যরা যেভাবে প্রশাসনকে সহযোগিতা করেছেন, তার তুলনা হয় না। দেশের যুবসমাজকে শৃঙ্খলাপরায়ণ এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে NCC বদ্ধপরিকর বলেও জানান মেজর জেনারেল চাহাল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ও সিকিম মিলিয়ে বর্তমানে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ছাত্রছাত্রী নিয়মিতভাবে NCC-এর সঙ্গে যুক্ত। এবারের দুর্গাপুজোয় রাজ্যজুড়ে কলেজের প্রায় ৮ হাজার NCC ক্যাডেট ট্রাফিক নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন কাজে প্রশাসনকে সহযোগিতা করেছেন। তাঁদের মধ্যে কলকাতার বিভিন্ন রাস্তায় দায়িত্ব পালন করেছেন প্রায় ১ হাজার NCC সদস্য। পুজোর সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সহযোগিতার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে NCC ক্যাডেটদের এই ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Loading