October 25, 2026

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা—উপকূলে জারি হলুদ সতর্কতা

সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হলেও এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আগামী মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি বৃদ্ধির দিকে এখন নজর রাখছে আবহাওয়া দপ্তর।

Loading