February 4, 2026

ডায়মন্ড হারবারে ত্রিকোন লড়াইয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে, বিজেপি প্রার্থী অভিজিৎ দাস

সোমালিয়া ওয়েব নিউজ : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সেখানে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন ববি। এতদিন পর্যন্ত বাংলায় সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার নিয়ে কোনও উচ্চবাচ্য করছিল না বিজেপি। অবশেষে ভোট শুরুর তিনদিন আগে হাইভোল্টেজ এই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। আসানসোল এবং ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল বাড়ছিল হু হু করে। পবন সিংকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর থেকে আসানসোল কেন্দ্র নিয়ে কার্যত সমস্যায় পড়ে বিজেপি। শেষমেশ দলকে ভরসা রাখতে হয়েছে পুরনো লোকের ওপরই। গত বুধবার বিজেপির তরফে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অবশেষে ডায়মন্ড হারবার নিয়ে জল্পনার অবসান ঘটাল বিজেপি। ডায়মন্ড হারবারের ভোট হতে অনেক দেরি। সপ্তম দফায় ১ জুন হবে ভোটগ্রহণ। তবে সব আসনে প্রার্থী ঘোষণা করতে না পারায় বিজেপির ওপর চাপ তৈরির চেষ্টা করছিল তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য ছিল, প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। ডায়মন্ডে তাঁরা এআই প্রযুক্তিতে প্রার্থী তৈরি করছে! পাশাপাশি এও দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয় কেউ প্রার্থী হতে চাইছেন না। প্রসঙ্গত, ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই অভিষেককে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে ডায়মন্ড হারবারে ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। যদিও আইএসএফ ওই আসনে নওসাদকে প্রার্থী করেনি। অন্যদিকে, সেখানে বিজেপির প্রার্থী হিসেবে কার নাম বেরিয়ে আসবে তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। দেখার বিষয় বিজেপির ভূমিপুত্র অভিজিৎ দাস ডায়মন্ড হারবার কে বিজেপির দখলে আনতে পারে।

Loading