মুর্শিদাবাদের দাঙ্গা কবলিতদের পাশে রাজ্য সরকার, নতুন মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজঃ সাম্প্রদায়িক অশান্তির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আজ সামশেরগঞ্জে সরেজমিনে উপস্থিত থেকে পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রায় ৪০০টি দাঙ্গা কবলিত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট প্রতিধ্বনিত হয়, “আমি কারও বিরুদ্ধে নই, আমি দাঙ্গার বিরুদ্ধে।”

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩৬টি পরিবারের হাতে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। আশ্বাস দেন, তাঁদের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের ব্যবস্থা করবে মা-মাটি-মানুষের সরকার। শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র এবং ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার কৃষ্টি ও ঐতিহ্য নষ্ট করতে কিছু ভেকধারী অমানুষ পরিকল্পিত চক্রান্ত করছে। এরা দেশের শত্রু, দশের শত্রু। সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এই দিনে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেন, যেখানে জেলার ৫০ হাজারের বেশি মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘সামাজিক সুরক্ষা যোজনা’, ‘চোখের আলো’, ‘সবুজ সাথী’, কৃষকবন্ধু মৃত্যু সহায়তা, সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ঋণ প্রকল্প ইত্যাদি।

মুখ্যমন্ত্রী জানান, আজ মোট ১৬৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকা। এর মধ্যে ৯৩টি প্রকল্পের উদ্বোধন এবং ৭৪টির শিলান্যাস করা হয়। কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে:

  • কুলি-মোড়গ্রাম রোড মানোন্নয়ন (৩৬.৪৫ কিমি) – ১২৭.৬৫ কোটি টাকা
  • বহরমপুরে জাতীয় সড়ক উন্নয়ন – ২৪.৩৭ কোটি টাকা
  • সাগরদিঘি, জলঙ্গি, লালগোলা, ডোমকল ও অন্যান্য ব্লকে রাস্তা ও সেতু নির্মাণ
  • কান্দি মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আধুনিক স্বাস্থ্য পরিষেবা নির্মাণ
  • ১৫টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৩০ বেডের ব্লক হাসপাতাল, ডায়ালিসিস ইউনিট
  • শিক্ষা পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের হোস্টেল নির্মাণ
  • পানীয় জল, সেচ ও খাদি প্রোডাকশন সেন্টার প্রকল্প

সবশেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সুতি-ধুলিয়ান ও ফরাক্কা এলাকাকে নিয়ে নতুন একটি মহকুমা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

Loading