February 5, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক — সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লিতে নিজের বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

বৈঠকে সীমান্তের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। জানা গেছে, দু’দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) পূর্বদিন নিজেদের মধ্যে কথা বলে একটি সঙ্ঘর্ষ বিরতি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রেক্ষাপটে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে পরামর্শ করেন।

সূত্রের খবর, এই বৈঠকে সামরিক এবং কূটনৈতিক স্তরে ভবিষ্যতের করণীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান সম্পর্কেও আলোচনা হয়েছে। সরকার চাইছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখা যায়, সেই লক্ষ্যে সব রকম প্রস্তুতি নিশ্চিত করতে।

প্রধানমন্ত্রী এই বৈঠকে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব দেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।

Loading