সোমালিয়া ওয়েব নিউজঃ শ্রম কোড বাতিল, ন্যূনতম মজুরি বৃদ্ধি, স্থায়ী কর্মসংস্থান, এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা-সহ ১৭ দফা দাবিতে দেশের একাধিক শ্রমিক সংগঠন ও ক্ষেত্র ভিত্তিক ফেডারেশন আগামীকাল, ৯ জুলাই, দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি ও আধা-সরকারি কর্মীদের সব ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ধর্মঘটের মূল দাবিগুলির মধ্যে রয়েছে:
- চারটি নতুন শ্রম কোড বাতিল করা
- ন্যূনতম মাসিক মজুরি ২৬,০০০ টাকা ঘোষণা
- নিয়মিত কর্মসংস্থান ও চুক্তিভিত্তিক নিয়োগে রাশ টানা
- আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষেত্রের শ্রমিকদের জন্য পেনশন ও সামাজিক সুরক্ষা
- পিএফ এবং ইএসআই-এর পরিধি সম্প্রসারণ
- বেসরকারিকরণ বন্ধ করা
- শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার অধিকার রক্ষা
এই ধর্মঘটে দেশের মূল শিল্পাঞ্চল, রেল, ব্যাঙ্ক, টেলিকম, বন্দর, খনি এবং নির্মাণ শ্রমিকদের একাংশ অংশগ্রহণ করবেন বলে অনুমান। শ্রমিক সংগঠনগুলির মতে, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, ৯ জুলাই ধর্মঘটকে সামনে রেখে সব সরকারি ও আধা সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্ত বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (#WBTC) জানিয়েছে, ধর্মঘটের দিন বাস পরিষেবা বজায় রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কর্মী মোতায়েন, অতিরিক্ত বাস চালানো এবং নিরাপত্তা ব্যবস্থায় নজর দেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, একই দিনে রাজ্যে পৃথকভাবে ‘সংগ্ৰামী যৌথ মঞ্চ’ ডেকেছে একটি রাজ্যভিত্তিক ধর্মঘট, যার মূল ইস্যু সরকারি কর্মচারীদের দাবিদাওয়া। ফলে একই দিনে দুটি ধর্মঘট ঘিরে রাজ্যে সতর্কতা বাড়ানো হয়েছে।

![]()

More Stories
আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন : মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন ও সংগ্রাম
আন্তর্জাতিক অরণ্য দিবসে অরণ্য রক্ষায় শপথ নেওয়ার আহ্বান
দেশে সারের ঘাটতি মেটাতে আমদানি বাড়াল কেন্দ্র, ইউরিয়া আমদানি ৮৯ লক্ষ টন