সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক ও শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিযুক্ত করা হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার স্কুল পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও শিক্ষক এই দায়িত্ব পালনে অস্বীকার করলে তা কর্তব্যে গাফিলতি হিসেবে বিবেচিত হবে এবং সেই অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
নির্দেশিকাটি সামনে আসতেই রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক শিক্ষক সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে। তাঁদের দাবি, এই ধরনের প্রশাসনিক দায়িত্ব শিক্ষকদের ওপর চাপিয়ে দিলে তা শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)-র নেতা অনিমেষ হালদার জানান, “শিক্ষক-শিক্ষিকাদের যদি পঠনপাঠন বহির্ভূত দায়িত্বে নিয়োজিত করা হয়, তাহলে ছাত্রছাত্রীরা শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।” তিনি আরও বলেন, “রাজ্যের অধিকাংশ স্কুলেই শিক্ষক শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ হয়নি। এমন পরিস্থিতিতে ক্লাস নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। এর মধ্যেই BLO-র দায়িত্ব চাপানো হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।”
এদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা অতীতে এই ধরনের কাজ দক্ষতার সঙ্গে সামলেছেন বলেই তাঁদের BLO-র দায়িত্বে নিয়োগ করা হচ্ছে। তবে শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, এই যুক্তি এখন আর মান্য হতে পারে না, কারণ বর্তমানে শিক্ষাব্যবস্থা নানা সংকটের মুখে রয়েছে।
রাজ্যের শিক্ষা মহল মনে করছে, দ্রুত শিক্ষক নিয়োগ এবং BLO-এর কাজের জন্য বিকল্প কর্মী নিয়োগের বিষয়ে সরকারকে ভাবতে হবে। নতুবা আগামী দিনে স্কুল শিক্ষার মান ও গতি, উভয়ই বড়সড় সমস্যার সম্মুখীন হবে।

![]()

More Stories
ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা, ১০,৪০০ কোটি টাকা প্রসঙ্গ সামনে
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা