সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে চলমান এসআইআর (Special Intensive Revision) শুনানিতে প্রমাণপত্র হিসেবে রাজ্য সরকারের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে জানাল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের জেরে ইতিমধ্যেই যেসব ভোটার ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তাঁদের ফের শুনানির জন্য ডাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় যে স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত প্রামাণ্য নথি গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট সেই সংজ্ঞার আওতায় পড়ে না। ফলে আপাতত এই শংসাপত্রকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে বৈধ প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না।
কমিশন সূত্রে আরও জানা গেছে, প্রতিটি রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর জন্য নির্দিষ্ট সরকারি নির্দেশিকা বা গভর্নমেন্ট অর্ডার (জিও) রয়েছে। পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত সর্বশেষ সরকারি নির্দেশিকা অনুযায়ী, মূলত সেনাবাহিনী ও বিভিন্ন আধা-সামরিক বাহিনীতে কর্মরত বা চাকরিপ্রার্থী অবাঙালি নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষই এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত ছিলেন।
কিন্তু বর্তমানে রাজ্যে বহু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা না মেনেই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে—এমন অভিযোগ উঠে আসায় নির্বাচন কমিশন এই শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সেই কারণেই এসআইআর শুনানিতে প্রামাণ্য নথি হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট ব্যবহার করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নতুন করে জটিলতা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী