February 4, 2026

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় বিজেপি সভাপতি জে পি নাড্ডা

সোমালিয়া ওয়েব নিউজঃ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে আজ থেকে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই সফরকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

দু’দিনের এই সফরে শ্রী নাড্ডা রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পাশাপাশি জেলা স্তরের নেতৃত্বের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সংগঠনকে আরও মজবুত করা, বুথ স্তরে কর্মসূচি জোরদার করা এবং আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়েই মূলত এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিজেপি-র ডক্টরস সেলের সদস্যদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি। স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসক সমাজের সঙ্গে দলের সংযোগ আরও দৃঢ় করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে জানা যাচ্ছে।

সফরের দ্বিতীয় দিনে, অর্থাৎ আগামীকাল, শ্রী নাড্ডা নদিয়ার কল্যাণী এইমস (AIIMS)-এ উপস্থিত থাকবেন। সেখানে তিনি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক নতুন ইউনিটের উদ্বোধন করবেন। কেন্দ্র সরকারের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই সফর রাজ্য বিজেপির সংগঠনে নতুন গতি আনতে পারে।

Loading