February 4, 2026

ডিজিটাল পদ্ধতিতে জনগণনা: প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের

সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পর্বে চলতি বছরের ১লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ সম্পন্ন করা হবে।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ ৩০ দিনের মধ্যেই এই গৃহ গণনার কাজ শেষ করতে হবে। জনগণনার এই ধাপেই বসতবাড়ির সংখ্যা, পরিকাঠামো ও প্রাথমিক গৃহস্থালি তথ্য সংগ্রহ করা হবে।

এই জনগণনা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথমবার দেশে জনগণনার কাজ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড ও আইওএস ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন। কাগজের বদলে সরাসরি ডিজিটাল মাধ্যমে তথ্য নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

জনগণনার কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় ৩০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে তথ্য সংগ্রহের গতি ও স্বচ্ছতা বাড়বে বলে কেন্দ্রের দাবি।

এদিকে, জনগণনার দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। তবে ভৌগোলিক ও আবহাওয়াগত বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে লাদাখ, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকাগুলিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বর মাসেই পরিচালিত হবে।

প্রশাসনিক মহলের মতে, ডিজিটাল জনগণনার এই উদ্যোগ দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

Loading