February 4, 2026

দেশ-বিদেশে মর্যাদার সঙ্গে উদযাপিত ৭৭তম সাধারণতন্ত্র দিবস

সোমালিয়া ওয়েব নিউজঃ চিরাচরিত উৎসাহ ও মর্যাদার সঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। রাজধানী নতুন দিল্লির কর্তব্য পথে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে এবং ‘রাষ্ট্রীয় সমর স্মারকে’ দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন ভারতীয় দূতাবাস ও হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে।
সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ উপস্থিত ছিলেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার ড. শিল্পক আম্বুলে।
ঢাকায় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিনটি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে তিনি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের নির্বাচিত অংশ পাঠ করেন।
শ্রীলঙ্কার কলম্বোতে হাইকমিশন ও বিভিন্ন ডেপুটি হাইকমিশনে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার সন্তোষ ঝা।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রবন্ধে বলেন, ভারতীয় গণতন্ত্রে নাগরিকের অধিকারই সর্বাগ্রে গুরুত্ব পায়। তাঁর কথায়, ভারতীয় গণতন্ত্র শুধু নাগরিকের দ্বারা পরিচালিত নয়, বরং নাগরিকের জন্য নিবেদিত। রাষ্ট্র কতটা দায়িত্বশীলভাবে নাগরিকের সেবা করতে পারে, তার উপরই সাধারণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি দেশের জনগণকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।

ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একাধিক রাষ্ট্রনেতা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের জনগণকে শুভেচ্ছা জানান। মার্কিন রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, নতুন দিল্লি ও ওয়াশিংটন বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করে চলেছে এবং বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকার প্রশংসা করেন।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তাঁর বার্তায় ভারত ও চীনকে ‘বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, তিনি দুই দেশের সম্পর্ককে প্রতীকী ভাষায় “ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ” হিসেবে বর্ণনা করেন। কূটনৈতিক মহলের মতে, সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই বার্তা ভারত–চীন সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত বহন করছে।

এদিকে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে রাজ্যস্তরে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সেনা আধিকারিকদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেনা ব্যান্ডের তালে জাতীয় সংগীত পরিবেশনের পর ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণ করা হয়। এরপর শুরু হয় কুচকাওয়াজ।

Loading