সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য জুড়ে সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পোশাক, জুতো ও স্কুল ব্যাগ বিতরণের প্রকল্প বহু বছর ধরে চালু রয়েছে। তবে এই প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরেই নিম্নমানের সামগ্রী সরবরাহ এবং দুর্নীতির অভিযোগ উঠছে। সম্প্রতি সেই অভিযোগ আরও জোরালো হয়েছে, আর তারই প্রেক্ষিতে শিক্ষা দপ্তর স্কুলগুলিতে হঠাৎ পরিদর্শনের নির্দেশ দিয়েছে।
প্রকাশ্যে আসা একটি সরকারি নথি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর সমস্ত জেলায় স্কুল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া (SOP) মেনে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা পোশাক, জুতো ও ব্যাগের গুণগত মান যাচাই করতে হবে এবং দ্রুত রিপোর্ট জমা দিতে হবে।
অন্যদিকে, শিক্ষক সংগঠনগুলির একাংশের অভিযোগ—এই প্রকল্পে বরাদ্দ অর্থের তুলনায় বাস্তবে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। দাবি করা হয়েছে, যেখানে একজোড়া পোশাকের জন্য প্রায় ৬০০ টাকা বরাদ্দ, সেখানে সরবরাহ করা পোশাকের প্রকৃত মূল্য ২০০-২২০ টাকার বেশি নয়। ফলে বাকি অর্থ কোথায় যাচ্ছে, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিভিন্ন প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে তারা ধারাবাহিকভাবে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা নিম্নমানের পোশাক তারা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও জমা দিয়েছিলেন। কিন্তু তাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সংগঠন গুলির আরও দাবি, এই পুরো সরবরাহ ব্যবস্থার পিছনে একটি প্রভাবশালী ‘সিন্ডিকেট’ কাজ করছে, যার কারণে প্রকৃত মান বজায় রাখা সম্ভব হচ্ছে না। যদিও এই অভিযোগের সরকারি ভাবে কোনো স্বীকৃতি নেই।
ভোটের আগে শিক্ষা দপ্তরের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে সমালোচকদের মতে, এই ধরনের কমিটি গঠন অনেক সময়েই ‘চোখে ধুলো দেওয়ার’ কৌশল মাত্র, এবং প্রকৃত দুর্নীতির হদিস মেলে না।
তবে সরকারি নির্দেশে হঠাৎ পরিদর্শনের সিদ্ধান্তে কিছুটা আশার আলো দেখছেন অনেকেই। শিক্ষা মহলের একাংশের মতে, যদি নিরপেক্ষভাবে তদন্ত হয়, তাহলে প্রকল্পের বাস্তব চিত্র সামনে আসতে পারে।
সবশেষে, একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—শিশুদের জন্য বরাদ্দ সরকারি অর্থ কি আদৌ তাদের প্রাপ্য মানের সামগ্রী নিশ্চিত করতে পারছে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে রাজ্যবাসী।


![]()

More Stories
কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ৫১তম মৃত্যুবার্ষিকীতে প্রভাতী স্মরণ, ময়দানে শ্রদ্ধার্ঘ্য
কলকাতা প্রসঙ্গে পাক মন্ত্রীর মন্তব্যে কড়া জবাব রাজনাথ সিংয়ের
বকেয়া টাকা আদায়ে অভিনব উদ্যোগ! লজে মিলনমেলার আয়োজন, ভাইরাল