সমগ্র শিক্ষা মিশনের বকেয়া ও নতুন বরাদ্দ আনতে উদ্যোগী রাজ্য, গঠিত উচ্চপর্যায়ের কমিটি

সোমালিয়া ওয়েব নিউজঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র শিক্ষা মিশন-এর বকেয়া অর্থ এবং নতুন বরাদ্দ নিশ্চিত করতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এই উদ্দেশ্যে আগামী ১২ জুন নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য কেন্দ্রের সমগ্র শিক্ষা মিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের পক্ষ থেকে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও অংশ নেবেন এবং আগামী অর্থবছরে শিক্ষা খাতে প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক বরাদ্দ নিয়ে আলোচনা হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী এক বছরের শিক্ষা-পরিকল্পনা, বিদ্যালয় পরিকাঠামোর উন্নয়ন, শ্রেণিকক্ষ নির্মাণ, ডিজিটাল শিক্ষা, পানীয় জল ও শৌচাগার-সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির খসড়া প্রস্তুত করা হচ্ছে।

এই পরিকল্পনা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সামনে তুলে ধরার জন্য মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করবেন।

শিক্ষা মহলের মতে, সমগ্র শিক্ষা মিশনের বকেয়া অর্থ দ্রুত পাওয়া গেলে রাজ্যের বহু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পরিকাঠামোগত উন্নয়নের কাজ গতি পাবে। একই সঙ্গে নতুন বরাদ্দ নিশ্চিত হলে শিক্ষাক্ষেত্রে চলমান বিভিন্ন প্রকল্প আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

আগামী ১২ জুনের বৈঠককে তাই রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Loading