গুন্ডারাজের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার নির্দেশ

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও গুন্ডাগিরির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় গুন্ডাগিরির কোনও স্থান নেই এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দক্ষিণ কলকাতায় বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘অভিনন্দন আপনো কা’ অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে দিন। নিচে নাম ও মোবাইল নম্বর লিখে দেবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” শুধু তাই নয়, কোনও ব্যক্তি যদি দলের নেতা বা জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে বেআইনি কাজকর্ম চালানোর চেষ্টা করেন, সেই বিষয়েও সরাসরি তাঁকে জানাতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সরকার পরিবর্তন মানে শুধু পতাকা বদল নয়, এটি একটি ব্যবস্থার পরিবর্তন। প্রশাসনকে মানুষের কাছে দায়বদ্ধ হতে হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র সিংহ রাঠোর-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। শিল্পপতি, ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী তাঁর উপর অর্পিত দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, “বাংলাকে আবার অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। বিনিয়োগ আনতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে।” তিনি জানান, বর্তমান সরকার শিল্পবান্ধব নীতি গ্রহণ করবে, স্বচ্ছ জমি নীতি প্রণয়ন করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। পূর্ববর্তী তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “অহংকার, অত্যাচার এবং রাজনৈতিক সন্ত্রাসের মাধ্যমে রাজ্যকে পিছিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ ও গুন্ডাদের ব্যবহার করে প্রশাসন পরিচালনা করা হয়েছে।” তাঁর দাবি, বাংলার মানুষ সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে দুর্নীতিগ্রস্ত শক্তিকে প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিল্পোন্নয়ন নিয়ে তাঁর বার্তা আগামী দিনে সরকারের কর্মসূচির অন্যতম দিশা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Loading