আগামীকাল থেকে শুরু জনকল্যাণ শিবির, ৫৫টি সামাজিক সুরক্ষা প্রকল্পের তথ্য মিলবে এক ছাদের তলায়

সোমালিয়া ওয়েব নিউজ: সাধারণ মানুষের কাছে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন সরকারের ‘জনকল্যাণ শিবির’। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এই শিবির অনুষ্ঠিত হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সরকারি সূত্রের খবর, নতুন সরকারের এটিই প্রথম বৃহৎ জনসংযোগ কর্মসূচি। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সরকারি প্রকল্প সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় পরিষেবা সহজে পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণ শিবিরে সরকারের ৫৫ ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং সুবিধা সংক্রান্ত বিষয়েও সাধারণ মানুষকে সহায়তা করা হবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতা পুরসভা এলাকাতেও এই কর্মসূচি পালিত হবে। কলকাতা পুরসভার ১৬টি বোরো এলাকায় পৃথকভাবে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। ফলে শহরবাসীরাও নিজেদের এলাকার শিবিরে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারবেন।প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে সরকারি পরিষেবা ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Loading