রাজ্যের সব গণপরিবহণে ভিএলটিডি ও প্যানিক বাটন বাধ্যতামূলক, ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট চাইল পরিবহণ দফতর

সোমালিয়া ওয়েব নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত গণপরিবহণে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (VLTD) এবং এমার্জেন্সি প্যানিক বাটন বসানোর নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছে রাজ্যের পরিবহণ দফতর। একই সঙ্গে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত রিপোর্ট পরিবহণ অধিকর্তার দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহণ দফতর জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গণপরিবহণে ভিএলটিডি এবং প্যানিক বাটন কার্যকর অবস্থায় থাকতে হবে। ভিএলটিডির মাধ্যমে গাড়ির অবস্থান রিয়েল-টাইমে নজরদারি করা সম্ভব হবে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে যাত্রীরা প্যানিক বাটন ব্যবহার করে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

দফতরের নির্দেশ অনুযায়ী, প্রতিটি গাড়িতে স্থাপিত ভিএলটিডির তথ্য কেন্দ্রীয় ‘বাহন’ (VAHAN) ডেটাবেসের সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে যানবাহনের তথ্য ও অবস্থান একক প্ল্যাটফর্মে পর্যবেক্ষণ করা যায়।

পরিবহণ দফতরের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহণে যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

Loading