‘দ্য বং ভয়েস’-এর আত্মপ্রকাশ, তারকাখচিত অনুষ্ঠানে সম্মানিত স্বানন্দ কিরকিরে

সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বিশিষ্ট সাংবাদিক প্রকাশ সিনহার নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘দ্য বং ভয়েস (The Bong Voice)’। দীর্ঘদিন টেলিভিশন সাংবাদিকতায় নির্ভীক ও তথ্যনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন যাত্রা শুরু করলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ, উপস্থিত ছিলেন রাজনীতি, সংস্কৃতি ও সমাজজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া উত্তর কেন্দ্রের বিধায়ক উমেশ রায়, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী কেয়া ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে একপ্রকার ‘চাঁদের হাট’-এর পরিবেশ তৈরি হয়।এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত ভারতীয় গীতিকার, প্লেব্যাক গায়ক ও অভিনেতা স্বানন্দ কিরকিরে-কে বিশেষ সম্মাননা প্রদান। সম্মাননা জানানো হয় আরামবাগ টিভির শফিকুল ইসলামকে, তার হাতে স্মারক তুলে দেন স্বানন্দ কিরকিরে। স্বানন্দ কিরকিরে ভারতীয় চলচ্চিত্র জগতের এক বহুমুখী প্রতিভা। মারাঠি ও হিন্দি সিনেমায় তাঁর অসামান্য অবদান বিশেষভাবে প্রশংসিত। ‘লাগে রহো মুন্না ভাই’ এবং ‘থ্রি ইডিয়টস’ ছবির গানের জন্য তিনি দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সম্মানিত হয়েছেন। গীতিকার হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি সহকারী পরিচালক, সংলাপ লেখক এবং অভিনেতা হিসেবেও বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পে কাজ করেছেন। ‘দ্য বং ভয়েস’-এর আত্মপ্রকাশ শুধু একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যমের সূচনা নয়, বরং নির্ভীক, তথ্যভিত্তিক ও জনমুখী সাংবাদিকতার এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন।

Loading