রাজ্যে গড়ে উঠছে ফার্ন ডাইভার্সিটি পার্ক, কৃষ্ণনগরে হবে অ্যাস্ট্রো পার্ক

সোমালিয়া ওয়েব নিউজ: ভেষজ উদ্ভিদের সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক (Fern Diversity Park) গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউটাউন, খড়দহ এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এই ধরনের পার্ক নির্মাণ করা হবে। আজ কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ এই প্রথম। তাঁর কথায়, ইতিমধ্যেই ফার্নের বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এবং আরও অনেক প্রজাতি বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিরল প্রজাতির ফার্ন রক্ষায় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যৌথভাবে কাজ করবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞানমনস্ক সাধারণ মানুষকে এই উদ্যোগে যুক্ত করা হবে। এর মাধ্যমে গবেষণা, সংরক্ষণ এবং জনসচেতনতা—তিনটি ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হবে।

এছাড়াও রাজ্যে বিজ্ঞানচর্চার প্রসারে অ্যাস্ট্রো পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, খুব শীঘ্রই কৃষ্ণনগরে একটি আধুনিক অ্যাস্ট্রো পার্ক নির্মাণ করা হবে, যা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. চক্রবর্তী জানান, আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে রাজ্যজুড়ে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী (এক্সিবিশন) আয়োজন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। তাঁর মতে, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসারে এই উদ্যোগগুলি রাজ্যের ভবিষ্যৎ বিজ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

Loading