September 13, 2026

পরীক্ষামূলকভাবে বাজারে আসছে ১০ ও ২০ টাকার পলিমার নোট

সোমালিয়া ওয়েব নিউজ: দেশে মুদ্রা ব্যবস্থাকে আরও টেকসই ও আধুনিক করতে ১০ টাকা এবং ২০ টাকার পলিমার নোট বাজারে ছাড়ার রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এ কথা জানিয়েছেন।

তিনি জানান, প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে মোট ২০০ কোটি ১০ টাকার এবং ২০ টাকার পলিমার নোট বাজারে ছাড়া হবে। এই নোটগুলির ব্যবহার, স্থায়িত্ব এবং জনসাধারণের প্রতিক্রিয়া পর্যালোচনা করার পর ভবিষ্যতে আরও পলিমার নোট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থ প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, নতুন পলিমার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত কাগজের নোট বাজারে বহাল থাকবে। অর্থাৎ, পলিমার ও কাগজ—উভয় ধরনের নোটই সমান্তরালভাবে প্রচলনে থাকবে।

বিশেষজ্ঞদের মতে, পলিমার নোট কাগজের নোটের তুলনায় বেশি টেকসই, জলরোধী এবং জালিয়াতি রোধে তুলনামূলকভাবে অধিক নিরাপদ। সেই কারণেই বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই ধরনের নোট ব্যবহার করা হচ্ছে।

Loading