সোমালিয়া ওয়েব নিউজ: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হল উত্তম কুমারের স্মারক ডাকটিকিট। আজ বিকেলে কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করেন পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, “ডাকটিকিট একটি জানালা, যার মাধ্যমে ইতিহাসকে প্রত্যক্ষ করা যায়।” তাঁর কথায়, উত্তম কুমারের মতো একজন কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে ডাকটিকিটের মাধ্যমে ধরে রাখা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
শ্রী গঙ্গোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক আগ্রহেই মহানায়ক উত্তম কুমারের স্মরণে এই বিশেষ ডাকটিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এটি মহানায়কের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের এক বিশেষ নিদর্শন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান অনস্বীকার্য। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং পর্দায় উপস্থিতি তাঁকে বাঙালির কাছে চিরকালীন ‘মহানায়ক’-এর মর্যাদা দিয়েছে। তাঁর জন্মশতবর্ষে স্মারক ডাকটিকিট প্রকাশের মধ্য দিয়ে সেই কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে আরও একবার জাতীয় স্তরে সম্মান জানানো হল।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, সংসদ সদস্য তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা।
উত্তম কুমারের জন্মশতবর্ষে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট শুধু একটি ডাকটিকিট নয়—বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগের স্মৃতি এবং বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক মহান শিল্পীর প্রতি শ্রদ্ধার স্মারক হিসেবেই তা বিশেষ তাৎপর্য বহন করছে।

![]()

More Stories
পর্যটনে হৃত গৌরব ফেরাতে নতুন উদ্যোগ রাজ্যের, চালু হল পর্যটন দপ্তরের নতুন লোগো ও রিংটোন
মহানায়কের জন্মশতবর্ষে ফিরে দেখা—পর্দা পেরিয়ে আজও বাঙালির হৃদয়ে উত্তমকুমার
সপ্তম বেতন কমিশনের কাছে দাবি-পরামর্শ জানাতে চালু ওয়েবসাইট, ৩১ অক্টোবর পর্যন্ত মতামত