September 11, 2026

শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ আরও বাড়ানো এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করল রাজ্য শিল্প সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী। শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরহিত্যে আজ নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের শিল্প পরিকাঠামোর উন্নয়ন, নতুন শিল্পনীতি প্রণয়ন, বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং বিভিন্ন সরকারি ছাড়পত্র দ্রুত দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি শিল্পের জন্য জমি সংক্রান্ত পরিকাঠামো ও নীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাজ্যে নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত পরিষেবা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানা গিয়েছে।

Loading