সোমালিয়া ওয়েব নিউজ: স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে বাজুয়া হাই স্কুলের উদ্যোগে এবং বাজুয়া সরস্বতী শিশু মন্দিরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হল আন্তঃবিদ্যালয় কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা। চলতি বছরই প্রথম এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, এলাকার সাধারণ মানুষ এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজুয়া গার্লস হাই স্কুল এবং বাজুয়া সরস্বতী শিশু মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বর্গীয় বলাইচন্দ্র ঘোষের অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতেই পড়ুয়াদের মধ্যে খেলাধুলার চর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বর্গীয় বলাই চন্দ্র ঘোষের পরিবার পক্ষ থেকে এই প্রতিযোগিতা আয়োজনের যথেষ্ট সাহায্য পাওয়া গেছে। এনাদের সাহায্য না থাকলে এত বড় অনুষ্ঠান বা আয়োজন কোনদিনই সম্ভব হতো না বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রথম পর্বে আটটি বিদ্যালয়কে নিয়ে মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বাজুয়া হাই স্কুল, বাঘারবার্ড হাই স্কুল, বেঙ্গাই কামিনী দেবী গার্লস হাই স্কুল, সিংরেপুর হাই স্কুল, সাওড়া ইউনিয়ন হাই স্কুল, বেঙ্গাই গার্লস হাই স্কুল, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় এবং গোলপুর হাই স্কুল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাবাডির ফাইনালে মুখোমুখি হয় বাজুয়া হাই স্কুল এবং গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়। ফাইনাল ম্যাচে বাজুয়া হাই স্কুলের ছাত্রীরা ২২ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। ফলে প্রথমবারের এই আন্তঃবিদ্যালয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাজুয়া হাই স্কুল। কাবাডি খেলায় রেফারি ছিলেন সুশান্ত মন্ডল, পরেশ দলুই, ভোলানাথ রায়, সুশোভন চক্রবর্তী।
এর পাশাপাশি আটটি বিদ্যালয়কে নিয়ে আয়োজন করা হয় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার। এতে অংশ নেয় বাঘারবার্ড হাই স্কুল, বাজুয়া হাই স্কুল, সাওড়া ইউনিয়ন হাই স্কুল, বেঙ্গাই হাই স্কুল, রতনপুর এসসি পাল হাই স্কুল, কুমুড়শা এসসি দে বিদ্যামন্দির, একলক্ষী হাই স্কুল এবং সামন্তখণ্ড এইচকেআর হাই স্কুল।
ফুটবল প্রতিযোগিতায়ও ফাইনালে পৌঁছয় বাজুয়া হাই স্কুল এবং রতনপুর এসসি পাল হাই স্কুল। আজ অনুষ্ঠিত হয় সেই ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় জয়ী হয় বাজুয়া হাই স্কুল ১-০ গোলের ব্যবধানে। রেফারি ছিলেন শেখ আব্বাসউদ্দীন, চঞ্চল দে, বিশ্বজিৎ কর্মকার, অমর হেমরাম, পতিত কর্মকার, খাপুই সোরেন, দেবব্রত মান্ডি, ভৈরব মুর্মু, মির্জা শাজাহান, বিদ্যুৎ সোরেন, বিশ্বরূপ কর্মকার। বিরতির সময় অতিথি একাদশ বাজুয়া হাই স্কুলকে শূন্য এক গোলে হারিয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এদিন ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বরপ্রাপ্ত প্রতিযোগী বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় বলরাম ঘোষের পুত্র সৌমেন ঘোষ, সবাই সভাপতিত্ব করেন বাজুয়া সরস্বতী শিশু মন্দিরের আমরা প্রধান আচার্যা লক্ষ্মীরানী পন্ডিত। বাজুয়া হাই স্কুলের পক্ষ থেকেও শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বেরা, সুপর্ণা ধুল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রতিযোগিতা প্রসঙ্গে বাজুয়া হাই স্কুলের অশিক্ষক কর্মী স্বপন দাস জানান, পড়ুয়াদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেও এই আয়োজন।
প্রথম বছরেই কাবাডি ও ফুটবলকে কেন্দ্র করে এই আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা ঘিরে যে সাড়া মিলেছে, তাতে আগামী দিনে আরও বড় পরিসরে এই ধরনের ক্রীড়া আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য গড়ে ওঠার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার পথও তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা।




![]()

More Stories
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব
বাগেশ্বর বাবার বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ কংগ্রেসের
আরামবাগের নবনিযুক্ত এসডিওর সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সৌজন্য সাক্ষাৎ