September 29, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বড় স্বস্তি বিজেপির, হাসিরানি রথের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ হাইকোর্টে

সোমালিয়া ওয়েব নিউজঃ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রার্থীপদ নিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচনী হলফনামায় জন্মের সাল এবং শিক্ষাগত যোগ্যতার নথিতে অসঙ্গতি রয়েছে—এই অভিযোগ তুলে প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছিল কংগ্রেস। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাও সেই আবেদন খারিজ করে দেন। ফলে ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে হাসিরানি রথের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এই মামলার কারণে আর কোনও আইনি বাধা রইল না। কংগ্রেসের অভিযোগ ছিল, হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় তাঁর বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করা হলেও শিক্ষাগত যোগ্যতার নথিতে ১৯৬৫ সালে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার তথ্য রয়েছে। এই তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করে কংগ্রেস। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়। এর আগে মামলার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিল আদালত। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। হাসিরানি রথ প্রয়াত চন্দ্রনাথ রথের মা। তাঁর নির্বাচনী হলফনামা ঘিরে ওঠা বিতর্ককে কেন্দ্র করে উপনির্বাচনের আগে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা তৈরি হয়েছিল। তবে হাইকোর্টের এদিনের রায়ের পর সেই আইনি জটিলতা আপাতত কাটল।

Loading