October 2, 2026

ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’

সোমালিয়া ওয়েব নিউজঃ ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে উঠে এল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ইডির দাবি, ইন্দ্রনীল সেনের সঙ্গে যুক্ত ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছিল। ইডি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ইন্দ্রনীল সেন ওই অর্থকে ‘রয়্যালটি’ হিসেবে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন। তবে ইডির প্রকাশিত বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অভিযুক্ত করা হয়নি এবং ওই অর্থ গ্রহণের সঙ্গে তাঁর কোনও অপরাধমূলক যোগ রয়েছে—এমন অভিযোগও করা হয়নি। ইডির তদন্তের সূত্রপাত দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-কে কেন্দ্র করে ‘মাস আর্ট’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ থেকে। তদন্তকারী সংস্থার অভিযোগ, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ইউনেস্কোর সঙ্গে সরকারি সম্পর্ক বা অনুমোদনের দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে পাস বিক্রির মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছিল। এই মামলায় গত ২৯ সেপ্টেম্বর কলকাতার ১৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি এবং পরদিন ইন্দ্রনীল সেনকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডির আরও দাবি, ইন্দ্রনীল সেন মন্ত্রী থাকাকালীন তাঁর এবং তাঁর মালিকানাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকার বেশি নগদ জমা পড়েছিল এবং পর্যটন ও সংস্কৃতি দফতরের ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক টেন্ডার তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে দেওয়া হয়েছিল। এই সমস্ত আর্থিক লেনদেনের উৎস ও গতিপথ খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Loading