October 2, 2026

গান্ধী ও শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, দেশজুড়ে স্বচ্ছতার বার্তা—জিএসআই-এর বিশেষ কর্মসূচি কলকাতায়

সোমালিয়া ওয়েব নিউজঃ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে দিল্লির বিজয়ঘাটে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির রাজঘাটে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। অন্যদিকে, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং পরিবেশ সচেতনতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গান্ধী জয়ন্তীর প্রাক্কালে কলকাতায় স্বচ্ছতা কর্মসূচির আয়োজন করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই-এর পূর্বাঞ্চলীয় শাখা। সল্টলেকে জিএসআই-এর কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে অফিস প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, শ্রমদান, সৌন্দর্যায়ন, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা, বর্জ্য নিষ্পত্তি এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি সাফাই মিত্রদের সংবর্ধনা এবং স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়। কর্মসূচিতে জিএসআই-এর আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে সংস্থার অতিরিক্ত মহা নির্দেশক ললিত মোহন সিং মৌরা আধিকারিক ও কর্মীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, পরিচ্ছন্নতাকে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের কর্মসূচি হিসেবে না দেখে দৈনন্দিন জীবন ও কর্মসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। কর্মস্থলের পাশাপাশি সমাজের সর্বত্র স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আধিকারিক ও কর্মীদের প্রতি আবেদন জানান তিনি। এদিন জিএসআই-এর পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে ই-বর্জ্য সংগ্রহ অভিযানও চালানো হয়। এর মাধ্যমে বৈদ্যুতিন সামগ্রী সঠিকভাবে নিষ্পত্তির বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়। এছাড়াও ‘স্বচ্ছ পাঠশালা-স্বচ্ছতা জ্ঞান যাত্রা’ অভিযানের অংশ হিসেবে উপ-মহা নির্দেশক শান্তনু ভট্টাচার্যের নেতৃত্বে জিএসআই-এর একটি দল সল্টলেকে বৈশাখীর এজি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে। সব মিলিয়ে গান্ধী জয়ন্তীকে সামনে রেখে জিএসআই-এর এই উদ্যোগে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ এবং দায়িত্বশীল নাগরিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

Loading