November 25, 2026

চারশো বছরের ঐতিহ্য, সম্প্রীতির অনন্য নজির! বোল্লা কালীর পুজো ঘিরে মাতোয়ারা দক্ষিণ দিনাজপুর

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীমন্দির। বালুরঘাট শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে প্রায় চারশো বছরের ইতিহাস ও নানা লোককথা। কথিত আছে, একসময় এলাকার জমিদার বল্লভ চৌধুরির নাম থেকেই গ্রামের নাম হয় বোল্লা। জনশ্রুতি অনুযায়ী, এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে একটি কালো পাথরখণ্ডকে দেবীরূপে পুজো শুরু করেন। পরবর্তীকালে জমিদার মুরারী মোহন চৌধুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে পড়লে বোল্লা মায়ের কাছে মানত করেন। মামলায় জয়লাভের পর কৃতজ্ঞতাস্বরূপ তিনি দেবীর মন্দির নির্মাণ করেন। সেই ঐতিহ্য মেনেই রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার আয়োজিত হয় বিখ্যাত বোল্লা কালীপুজো। পুজোকে কেন্দ্র করে বসে চার দিনব্যাপী বিশাল মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লি, মুম্বই, এমনকী বিদেশ থেকেও অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এখানে উপস্থিত হন। বাংলাদেশ থেকেও বহু পুণ্যার্থী মায়ের দর্শনে আসেন বলে জানা যায়। মন্দির চত্বরজুড়ে শতাধিক ছোট-বড় মানতের কালীপুজোর আয়োজন করা হয়। এই উৎসবের অন্যতম বিশেষত্ব হলো ধর্মীয় সম্প্রীতি। হিন্দুদের পাশাপাশি মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই মেলা ও উৎসবে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে বোল্লা কালীর পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দক্ষিণ দিনাজপুরের ইতিহাস, লোকবিশ্বাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য পরিচয়।

Loading