November 22, 2026

নবদ্বীপের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্থায়ী সেতুর ডিপিআর তৈরির আশ্বাস

সোমালিয়া ওয়েব নিউজঃ মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপের পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামোর উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভগ্নপ্রায় ঘাটগুলি নতুন করে নির্মাণের পাশাপাশি স্থায়ী সেতু তৈরির জন্য ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর প্রস্তুত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে আধুনিক লঞ্চ পরিষেবা চালু করার কথাও জানান তিনি। পাশাপাশি মহাপ্রভুকে কেন্দ্র করে অর্ধসমাপ্ত গবেষণা কেন্দ্রের কাজ সম্পূর্ণ করতে ২ কোটি টাকা এবং গোশালার সম্প্রসারণের জন্য আরও ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে নবদ্বীপের ঐতিহ্য রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং ধর্মীয় পর্যটনকে আরও প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকারের এই ঘোষণাগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Loading