সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী ২৬ নভেম্বর দেশের সংবিধান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণ এবং সংবিধানের মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ। নির্দেশ অনুযায়ী, ২৬ নভেম্বর সকালে বিদ্যালয়ের প্রাতঃকালীন সমাবেশে সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। পাশাপাশি সংবিধান প্রণয়ন সভার সদস্যদের সম্পর্কে পড়ুয়াদের গবেষণা ও বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। সংবিধান বিষয়ক পোস্টার তৈরি ও ছবি আঁকার প্রতিযোগিতার পাশাপাশি বুকমার্ক, ব্যাজ, কোলাজ এবং সংবিধানের ভাবনা থেকে অনুপ্রাণিত বিভিন্ন সৃজনশীল কর্মসূচির আয়োজন করার কথাও বলা হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলায় একজন নোডাল অফিসার মনোনীত করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ভিত্তিক কর্মসূচি ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণের পরিসংখ্যান গুগল ট্র্যাকারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের যুগ্ম সচিব অমরপ্রীত দুগ্গাল ২০ নভেম্বর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সংবিধান দিবস পালনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্যে এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।

![]()

More Stories
নবদ্বীপের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্থায়ী সেতুর ডিপিআর তৈরির আশ্বাস
পাহাড়ের লাইফলাইন NH-10 সুরক্ষায় ১৯২ কোটি টাকার বেশি বরাদ্দ, ধস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের
১ ডিসেম্বর থেকে সহায়ক মূল্যে ধান কিনবে রাজ্য! কুইন্টালে ২০০ টাকা বোনাস, সাধারণ ধানে মিলবে ২,৬৪১ টাকা