November 24, 2026

প্রিমিয়ামের টাকা জমা, ফর্মও জমা! তবুও উধাও ফসল বিমার পলিসি? কৃষকদের কোটি টাকার সুরক্ষা নিয়ে বড়সড় দুর্নীতির আশঙ্কা, তদন্তের দাবি

সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বড়সড় গরমিলের অভিযোগ! বিভিন্ন ক্যাম্প ও পঞ্চায়েত অফিসে আবেদনপত্র জমা, প্রিমিয়ামের টাকা পরিশোধের পরেও বহু কৃষকের পলিসির হদিস নেই। মাত্র ৭ শতাংশ পলিসি এন্ট্রির দাবি ঘিরে চাঞ্চল্য। তাহলে কৃষকদের জমা দেওয়া টাকা কোথায় গেল? ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাবেন কীভাবে?

কৃষকের ফসলের সুরক্ষায় সরকারি বিমা প্রকল্প, অথচ সেই প্রকল্পের সুবিধা পেতেই যদি কৃষককে অনিশ্চয়তার মুখে পড়তে হয়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ২০২৬-এর খারিফ মরশুমের বিমাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় এমনই গুরুতর অভিযোগ সামনে এসেছে। কৃষকদের একাংশের অভিযোগ, বিভিন্ন ক্যাম্প, পঞ্চায়েত অফিস ও কৃষি দপ্তরের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের কাছ থেকে আবেদনপত্র, প্রয়োজনীয় নথি এবং প্রিমিয়ামের টাকা নেওয়া হয়েছে। কিন্তু টাকা জমা দেওয়ার পরেও অনেক কৃষক কোনও রিসিভ কপি বা প্রিমিয়াম জমার প্রমাণপত্র পাননি। সম্প্রতি ফসলের ক্ষয়ক্ষতির পর সরকারি ওয়েবসাইটে পলিসির তথ্য যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, বহু কৃষকের নামেই কোনও বিমা পলিসির অস্তিত্ব নেই!

ভাদুর অঞ্চলের চাতরা গ্রামের কৃষক বনমালী নন্দী, প্রবীর মন্ডল, কান্তি কুমার মন্ডল, প্রফুল্ল দে এনাদের  অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের খারিফ মরশুমের জন্য বিভিন্ন ক্যাম্প ও পঞ্চায়েত অফিসে মাত্র দুদিন ফসল বিমার ফর্ম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই নির্দেশ মেনে কৃষকরা আবেদনপত্র ও প্রিমিয়ামের টাকা জমা দেন। কোনরকম রিসিভ কপি বা পলিসি নাম্বার না দিয়েই তাদের বলা হয়, সব নাম্বার ধরে এন্ট্রি হয়ে যাবে। দুর্যোগের পর চাষিরা অনলাইনে চেক করে দেখে তাদের নাম এন্ট্রি হয়নি। তাদের প্রশ্ন  তাঁদের হাতে রিসিভ কপি না দেওয়ার কারণ কী? আবেদনগুলি কি আদৌ অনলাইন পোর্টালে নথিভুক্ত করা হয়েছিল? নাকি কোনও স্তরে আটকে রয়েছে সেই প্রক্রিয়া? হাজার হাজার কৃষক বঞ্চিত হয়েছে এর দায়ভার কে নেবে? আবেদন গ্রহণ ও টাকা জমা নেওয়ার দায়িত্বে থাকা কর্মী এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

সবচেয়ে উদ্বেগজনক দাবি, স্থানীয় বিভিন্ন সূত্রে অনানুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট এলাকায় মাত্র ৭ শতাংশ কৃষকের ফসল বিমার পলিসি এন্ট্রি হয়েছে। যদিও এই পরিসংখ্যানের সরকারি সত্যতা এখনও নিশ্চিত নয়, তবুও প্রশ্ন উঠছে, বাকি ৯৩ শতাংশ কৃষকের আবেদনপত্রের কী হল? তাঁদের জমা দেওয়া প্রিমিয়ামের টাকা কোথায় রয়েছে? সংশ্লিষ্ট বিমা সংস্থার কাছে কি সেই টাকা ও আবেদনপত্র পৌঁছেছে? নাকি দপ্তরের কোনও স্তরে তৈরি হয়েছে বড়সড় গাফিলতি?

সম্প্রতি ঘূর্ণিঝড় আকভান-পরবর্তী দুর্যোগে বিভিন্ন এলাকায় কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে হেল্পলাইনে যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়ছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, সেখানে ফসল বিমার পলিসি নম্বরের শেষ চারটি ডিজিট জানতে চাওয়া হচ্ছে। অথচ যাঁদের পলিসির অস্তিত্বই অনলাইনে মিলছে না, তাঁরা নম্বর পাবেন কোথা থেকে?

অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার ক্ষেত্রেও কৃষক আইডি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু কৃষকের এখনও কৃষক আইডি তৈরি হয়নি। ফলে ফসল নষ্ট হওয়ার পরেও তাঁরা সরকারি সহায়তা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বিমার পলিসি না থাকা কিংবা কৃষক আইডি তৈরি না হওয়ার দায় কি কৃষকদের উপরেই বর্তাবে?

কৃষকদের দাবি, সংশ্লিষ্ট কৃষি অধিকর্তার কার্যালয় থেকে জানানো হচ্ছে, বিমা সংস্থার সঙ্গে তাঁদের যথাযথ যোগাযোগ নেই। তাহলে প্রশ্ন, বিমা সংস্থার সঙ্গে সঠিক সমন্বয় না থাকলে কীভাবে কৃষকদের কাছ থেকে আবেদনপত্র ও প্রিমিয়ামের টাকা নেওয়া হল? আবেদনগুলি নথিভুক্ত হয়েছে কি না, তা যাচাই করার দায়িত্ব কার ছিল? তাছাড়া বিপর্যয় দপ্তরের ক্ষতিপূরণের থেকে বিমার ক্ষতিপূরণ অনেক বেশি পাওয়া যেত বলে মনে করছেন কৃষকরা।

এই সমস্যার সমাধান চেয়ে ইতিমধ্যেই ভাদুর পঞ্চায়েত অফিস, গোঘাট-১ ব্লকের কৃষি অধিকর্তার কার্যালয়, বিডিও, গোঘাটের বিধায়ক এবং আরামবাগের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের মূল প্রশ্নগুলির স্পষ্ট উত্তর মেলেনি বলে অভিযোগ।

অভিজ্ঞ মহলের একাংশের মতে, সরকারি প্রকল্প শুধু ঘোষণা করলেই দায়িত্ব শেষ হয় না। প্রকল্পের আবেদন গ্রহণ থেকে শুরু করে পলিসি তৈরি, প্রিমিয়াম জমা এবং ক্ষতিপূরণ পাওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও নজরদারি থাকা জরুরি। নিচুতলার কর্মী ও আধিকারিকদের দায়িত্ব পালনে গাফিলতি থাকলে তার প্রভাব সরাসরি পড়ে সাধারণ উপভোক্তাদের উপর। তাই এই ঘটনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মী, আধিকারিক এবং সংশ্লিষ্ট বিমা সংস্থার ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

এখন প্রশাসনের কাছে কৃষকদের কয়েকটি স্পষ্ট দাবি—

১. বিভিন্ন ক্যাম্পে কতজন কৃষকের কাছ থেকে আবেদনপত্র ও কত টাকা প্রিমিয়াম নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে।

২. কতজনের নামে প্রকৃতপক্ষে পলিসি তৈরি হয়েছে এবং কতজনের আবেদন নথিভুক্ত হয়নি, তা জানাতে হবে।

৩. জমা নেওয়া প্রিমিয়ামের টাকা কোথায় রয়েছে, তার স্বচ্ছ হিসাব দিতে হবে।

৪. আবেদন গ্রহণ ও পলিসি নথিভুক্তির ক্ষেত্রে কোনও গাফিলতি বা আর্থিক অনিয়ম হয়ে থাকলে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. যাঁরা নিয়ম মেনে আবেদন ও প্রিমিয়াম জমা দিয়েছেন, তাঁদের বিমার অধিকার যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে।

সবচেয়ে বড় কথা, কৃষকের ফসল নষ্ট হওয়া প্রকৃতির কারণে হতে পারে, কিন্তু বিমার জন্য টাকা জমা দেওয়ার পরেও যদি পলিসির অস্তিত্ব না মেলে, তার দায় কৃষকের হতে পারে না। এই ঘটনা নিছক প্রশাসনিক গাফিলতি, নাকি এর পিছনে আরও গভীর আর্থিক অনিয়ম রয়েছে, তা পূর্ণাঙ্গ তদন্তেই স্পষ্ট হবে।

কৃষকের ঘামেই দেশের খাদ্যের জোগান। অথচ সেই কৃষকের ফসল সুরক্ষার প্রকল্পেই যদি এমন অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে তার জবাবদিহি কে করবে? এবার আর আশ্বাস নয়, চাই প্রতিটি টাকার হিসাব, প্রতিটি আবেদনের জবাব এবং কৃষকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার কার্যকর পদক্ষেপ।

Loading