November 26, 2026

২০৪০ সালের মধ্যে মহাকাশে ১০ লক্ষ উপগ্রহ! কক্ষপথেই তৈরি হবে ডেটা সেন্টার, স্পেসএক্সকে অনুমতি FCC-র

সোমালিয়া ওয়েব নিউজঃ মহাকাশে তথ্যপ্রযুক্তির পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বড় পদক্ষেপের অনুমোদন দিল মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC)। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-কে ২০৪০ সালের মধ্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে সর্বাধিক ১০ লক্ষ কৃত্রিম উপগ্রহ স্থাপনের অনুমতি দিয়েছে কমিশন। FCC-র পরিকল্পনা অনুযায়ী, এই উপগ্রহগুলি শুধু যোগাযোগ ব্যবস্থার কাজেই সীমাবদ্ধ থাকবে না, বরং মহাকাশে ভাসমান ডেটা সেন্টার হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথে একটি বিশাল কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কক্ষপথে এ ধরনের কম্পিউটিং পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এটিকে প্রথম অনুমোদন হিসেবে দেখা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। তাদের আশঙ্কা, বিপুল সংখ্যক উপগ্রহ মহাকাশে স্থাপন করা হলে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণা ও মহাকাশ পর্যবেক্ষণ ব্যাহত হতে পারে। পাশাপাশি মহাকাশে যানজট এবং উপগ্রহের সংঘর্ষের ঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ফলে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনের এই পরিকল্পনা ভবিষ্যতে মহাকাশ গবেষণা ও পরিবেশের উপর কী প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন।

Loading