November 26, 2026

বাংলাদেশের ৮ শহরে জল ও নিকাশি পরিষেবার উন্নয়নে ১৫ কোটি ডলারের ঋণ এডিবির

সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলাদেশের নগর পরিকাঠামো উন্নয়নে বড় আর্থিক সহায়তার ঘোষণা দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশটির দ্রুত বিকাশশীল আটটি শহরের প্রায় ৯ লক্ষ মানুষের জন্য নিরাপদ পানীয় জল সরবরাহ এবং জলবায়ু-সহনশীল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে ১৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১,৩৫০ কোটি টাকা। এই প্রকল্পে বাংলাদেশ সরকারও অতিরিক্ত ৪ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশন-সহ চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার দীর্ঘ জল সরবরাহের পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এর পাশাপাশি জল ও নিকাশি পরিষেবার পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শহরগুলির সাধারণ মানুষের কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার উপযোগী পরিষেবা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের আটটি শহরের নাগরিক পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য ও নগর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Loading