February 4, 2026

আজও বিস্ময়কর স্পেনের স্ফটিক গুহা, ভিড় জমান লক্ষ লক্ষ পর্যটক

সোমালিয়া ওয়েব নিউজ: ফটিক গুহাকে কেন্দ্র করে এখনও মানুষের কৌতূহলের অন্ত নেই। প্রকৃতির এই বিস্ময়কর জিনিস দেখতে কয়েক লক্ষ লোক ভিড় জমান ফটিক গুহাতে। ১৯৯৯ সালে দক্ষিণ স্পেনের একটি পরিত্যক্ত খনির ভিতরে আবিষ্কৃত হয় ‘পালপি জিয়োড’। ‘পালপি জিয়োড’ বিশ্বের সব চেয়ে বড় স্ফটিক গুহা।জাভিয়ের গার্সিয়া-গিনি নামে এক গবেষক এই স্ফটিক গুহা উদ্ধার করেন। এই গুহাটি ৮ মিটার লম্বা, ১.৮ মিটার চওড়া। উচ্চতা ১.৭ মিটার। পালপি পৌরসভার পিলার দে জারাভিয়া সিসা খনির ৫০ মিটার নীচে এই স্ফটিক গুহা অবস্থিত। এই সিসা খনি ১৮৭৩ সালে আবিষ্কৃত হয় এবং ১৯৬৯ সালে এই খনি বন্ধ করে দেওয়া হয়।

গুহার ভিতরের আস্তরণ সেলেনাইট (জিপসাম) দিয়ে তৈরি। স্ফটিকগুলির স্বচ্ছতা এবং সৌন্দর্যের জন্য এই গুহা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। বিভিন্ন ধরনের খনিজের উপস্থিতি লক্ষ‍্য করা যায় এই বিশেষ গুহা-তে।খনির কাছে কাজ করতে গিয়ে শ্রমিকেরা হঠাৎই একটি সুড়ঙ্গ দেখতে পান। তখন সেই সুড়ঙ্গ বরাবর কিছু দূর গিয়েই আবিষ্কৃত হয় এই গুহা। ২০১৯ সালে স্ফটিক গুহাকে জনগণের দেখার জন্য খুলে দেওয়া হয়। তার আগে এটির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলেছিল। জানা গিয়েছে, গুহা রক্ষণাবেক্ষণের জন্য মোট ৪ কোটি ১১ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছিল সরকারের তরফে। কার্বন এবং আর্দ্রতার হাত থেকে এই স্ফটিকগুলিকে রক্ষা করার উদ্দেশেই এই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। গুহাতে থাকা জিপসিয়াম স্ফটিকগুলির আনুমানিক বয়স কত, তা সঠিক ভাবে আজও জানা যায়নি।

Loading