February 4, 2026

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল খানাকুলে

সোমালিয়া সংবাদ, খানাকুল: কেন্দ্র সরকার পেট্রোলের দাম কিছুটা কমালেও এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। গ্যাসের দাম তো বেড়েই চলেছে। তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে খানাকুলে পৃথক দুটি জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। একদিকে খানাকুলের ঠাকুরানীচকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, অপরদিকে খানাকুলের রাজহাটিতে বিশাল মিছিল হয়। দুই জায়গাতেই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। ঠাকুরানীচক এলাকায় উপস্থিত ছিলেন খানাকুল-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ বাগ, ঘোষপুর অঞ্চল প্রধান তথা তৃণমূল নেতা সেখ হায়দার আলি, তৃণমূল নেতা আলি হাসান, ঠাকুরানীচক অঞ্চল প্রধান তথা তৃণমূল নেতা শীতল মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগসহ কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক। এই বিষয়ে তৃণমূল নেতা অভিজিৎ বাগ জানান, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। মোদি সরকারের পতন চাই।পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। ওনারা ক্ষমতায় আসার আগে যা বলেছিলেন ক্ষমতায় আসার পর তা রাখেননি। আমরা এদিন ঠাকুরানীচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাসত থেকে চৌমাথা পযন্ত মিছিল করেছি। এই বিষয়ে তৃণমূল নেতা তথা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলি হোসেন জানান, কেন্দ্রীয় সরকার বাংলাকে সব ক্ষেত্রে বঞ্চনা করছে। তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। অপরদিকে খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজবুল করিমের নেতৃত্বে একই ইস্যুতে খানাকুলের রাজহাটি এলাকায় কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে মিছিল হয়।

Loading