সোমালিয়া সংবাদ, আরামবাগ: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয়ী হওয়ায় সূর্য মুখার্জিকে বাড়িতে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। সঙ্গে ছিলেন আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী সহ তৃণমূল কর্মী-সমর্থকরা। সূর্যের বাড়ি আরামবাগ পুরসভার চার নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায়। সূর্যের বাবা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সূর্য ২৬ ও ২৭ জুন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত ১৭-২০ বছর বয়সী বিভাগের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তাঁর এই বিভাগে ১৬ টি দেশের মোট ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আর এই ঘটনায় খুশির হাওয়া আরামবাগ জুড়ে। সূর্য বর্তমানে আরামবাগের কালিপুরের নেতাজি মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র। তিনি ২০১২ সাল থেকে আরামবাগের রাজা রামমোহন ব্যয়ামাগারে যোগাসন শিখছেন। এ বিষয়ে সূর্যের বাবা হারাধন মুখার্জি বলেন, ওর মা ভাস্বতী ছোটবেলা থেকেই ওকে যোগাসন শেখাতো। প্রশিক্ষকদের বাদ দিলে তাই এর জন্য পুরো কৃতিত্বই ওর মায়ের। তিনি আরও জানান, সূর্য দীর্ঘদিন ধরে গ্যাস-অম্বলে ভুগছিল। সেজন্য চিকিৎসকের পরামর্শ মত তাকে সুইমিং-এ ভর্তি করেছিলাম। কিন্তু সুইমিং করতে গিয়ে সে জল খেয়ে ফেলতো। তাতে আরও নতুন করে সমস্যা দেখা দেয়। তারপরই তাকে সুইমিং-এর বদলে যোগাসনে ভর্তি করে দিই। সূর্যকে শুভেচ্ছা জানানোর পর সাংসদ অপরূপা পোদ্দার বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় রাজ্যে ক্রীড়া সংস্কৃতি ফিরে এসেছে। শহর থেকে গ্রাম সমস্ত জায়গাতেই প্রতিযোগীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সফল হচ্ছে। সূর্য শুধু আরামবাগ নয়, সারা বাংলার মুখ উজ্জ্বল করেছে। এর জন্য আমরা গর্বিত, আনন্দিত। সূর্যের পড়াশোনা এবং যোগাসন চর্চার ক্ষেত্রে যদি কোন সমস্যা হয় আমরা সব সময়ই তার পাশে রয়েছি এবং থাকব।
![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬