September 27, 2026

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারে উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার এবং চিকিৎসা পরিষেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে উদ্যোগী হল বিজেপির চিকিৎসক সংগঠন ‘সনাতনী স্বাস্থ্য সেনা’। কলকাতায় সংগঠনের প্রথম জাতীয় কনভেনশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের চেয়ারম্যান ডক্টর পি কে হাজরা দাবি করেন, রাজ্যে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছে। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন। এই প্রবণতা বন্ধ করে রাজ্যের মানুষকে এখানেই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। চিকিৎসা ক্ষেত্রে নতুন উদ্ভাবন, স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠন কাজ করবে বলেও জানান তিনি। পাশাপাশি হাসপাতালগুলিতে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানান ডক্টর হাজরা। আরজি কর হাসপাতালে ‘অভয়া’র মৃত্যুর ঘটনায় এখনও দোষীদের শাস্তি হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এই ঘটনায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলির বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। সংগঠনের সদস্যপদ সম্পর্কে ডক্টর হাজরা জানান, সনাতনী স্বাস্থ্য সেনার সঙ্গে বিভিন্ন চিকিৎসক, মেডিকেল কলেজের অধ্যাপক, এমবিবিএস-এর ছাত্রছাত্রী, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যুক্ত রয়েছেন। কনভেনশনে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজও উপস্থিত ছিলেন।

Loading