February 4, 2026

টিকিট না কেটেও লটারিতে ১২ কোটি টাকার মালিক, রাতারাতি বড়লোক

সোমালিয়া ওয়েব নিউজ: টিকিট কাটেননি। তবুও লটারির থেকে ১২ কোটি টাকা জিতে নিলেন কেরলের কোল্লামের বাসিন্দা শেখ শরাফউদ্দিন। গরিব সহায়-সম্বলহীন অবস্থা থেকে রাতারাতি তিনি বড়লোক বনে গেলেন। ঘটনাটা অনেকটা সিনেমার মতো। এতদিন তিনি নিজেও গল্প বা সিনেমাতেই এসব দেখে এসেছেন। বাস্তবেও যে এরকম হতে পারে আগে কখনও স্বপ্নেও ভাবেননি শরাফউদ্দিন। কিন্তু শেষ পর্যন্ত সেটাই ঘটল। যা তিনি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। শরাফউদ্দিন আগে কর্মসূত্রে সৌদি আরবে থাকতেন। কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ায় কাজ ছেড়ে সেখান থেকে তাঁকে বাড়ি ফিরতে হয়। ফিরে এসে তিনি গ্রামে একটি দোকান খোলেন। এরপর শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ। একটানা লকডাউনে তাঁর উপার্জন তলানিতে ঠেকে যায়। তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন। অথচ ভালোভাবে থাকার মত তাঁর বাড়িঘর ছিল না। তিনি স্বপ্ন দেখতেন একটা সুন্দর বাড়ি করার। লকডাউন তাঁর সেই স্বপ্নে চির ধরিয়েছিল। কিন্তু থামিয়ে দিতে পারেনি। তাই তিনি এরপর লটারির টিকিট বিক্রি করতে শুরু করেন। আর সেই তালিকায় ছিল কেরল সরকারের ক্রিসমাস নববর্ষ বাম্পার লটারি।  যার প্রথম পুরস্কার মূল্য ১২ কোটি টাকা। ওই লটারির একটি টিকিট তিনি বিক্রি করতে পারেননি। এজেন্ট তা ফিরিয়ে নিতে চায়নি। তাই অবিকৃত টিকিটের জন্য তাঁর মন খারাপ হয়ে গেছিল। কারণ এর ফলে অনেকগুলো টাকা ক্ষতি হয়ে যায়। কিন্তু লটারির ফলাফল প্রকাশ পেতেই তিনি দেখেন, প্রথম পুরস্কার জেতার টিকিট তাঁর বাড়িতে রয়েছে। এ যেন স্বপ্নে চাঁদ পেয়ে যাওয়ার মত ঘটনা। কারন বেশ কিছুদিন ধরেই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন শরাফউদ্দিন। পরিবারে ৬ জন সদস্য।  মা, স্ত্রী, দুই ভাই ও ছেলে। জানা গেছে, এই লটারির জন্য বেশকিছু টাকা কর দিতে হবে। কর বাদে তিনি প্রায় সাড়ে সাত কোটি টাকা পাবেন। শরাফউদ্দিন জানান, ওই টাকা দিয়ে প্রথমেই তিনি একটি সুন্দর বাড়ি করবেন। আর যে ঋণ আছে সেগুলো শোধ করবেন। পরে কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন। যাতে সংসারে আর কখনও অভাব-অনটন না দেখা দেয়।

Loading