সোমালিয়া ওয়েব নিউজ: বিপুল কর্মসংস্থানের সূ্ত্র দেশের ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প (এমএসএমই)। তা সত্ত্বেও ব্যবসা চালানোর জন্য এই শিল্পে পুঁজির জোগানে কোনও নিশ্চয়তা নেই বলে অভিযোগ তাদের বড় অংশের।বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে বণিকসভা বেঙ্গল চেম্বার আয়োজিত এক সভায় রাজ্য সরকারে সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডের দাবি, বড় শিল্পে যেখানে প্রতি এক কোটি টাকা লগ্নিতে ৫-১০ জনের প্রত্যক্ষ কাজের সুযোগ তৈরি হয়, সেখানে এমএসএমই-তে হয় ২৫-৩০ জনের। অথচ এখানে সহজে ধার পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তিনি জানান, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী সারা দেশে এই সংস্থাগুলির প্রায় ২৪ লক্ষ কোটি টাকা ঋণের প্রয়োজন। এ রাজ্যেও ঋণ বিলি বাড়াতে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলছেন তাঁরা।সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বিশেষত ক্ষুদ্র ও ছোট সংস্থা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের চাহিদা মতো বন্ধক দিতে না পারায় অনেক সময়ে ঋণ পায় না। একাংশ তখন ঝুঁকিপূর্ণ অসংগঠিত ঋণদাতার কাছে হাত পাততে বাধ্য হয়। এই সমস্যা মেটাতেই ২০০০ সালে তাদের জন্য বন্ধকহীন ঋণ নিশ্চিত করতে সিডবি-র সঙ্গে মিলে বিশেষ গ্যারান্টি বা নিশ্চয়তা প্রকল্প (সিজিটিএমএসই, যাতে ৮৫% গ্যারান্টি মেলে) চালু করে কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রক। সম্প্রতি পশ্চিমবঙ্গে এমএসএমই-র প্রসারে সিজিটিএমএসই-র সঙ্গে বাকি ১৫% ঋণের গ্যারান্টি (পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড) দেওয়ার জন্য চুক্তি সই করে রাজ্য সরকার। এ দিন রাজেশ জানান, গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত প্রকল্পটিতে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়েছে। রাজ্যের লক্ষ্য, আগামী পাঁচ বছরের প্রতি বছরে ২ লক্ষ উদ্যোগকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করা। এ দিন সভায় ও পরে রাজেশ জানান, এখনও পর্যন্ত পাওয়া আবেদনের মধ্যে যোগ্যতা যাচাই করে প্রায় ৫০ হাজার আবেদনকে তাঁর দফতর উপযুক্ত হিসাবে চিহ্নিত করে ব্যাঙ্কের কাছে পাঠিয়েছে। তার মধ্যে ১৩ হাজার আবেদনের ঋণের প্রস্তাবে প্রাথমিক ভাবে সায় দিয়েছে ব্যাঙ্ক। এমএসএমই এবং রফতানিকারীদের ব্যবসার প্রসারে উপদেষ্টা সংস্থা ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাজ্য সরকার।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের