প্রাক্তন বিধায়কের বাড়ি সহ বার্নপুরে আয়কর দপ্তরের হানা

সোমালিয়া ওয়েব নিউজ: ভোর থেকে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মহঃ সোহরাব আলির বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর দপ্তর বা ইনকাম ট্যাক্সের (আইটি) আধিকারিকরা হানা দেন। প্রাক্তন বিধায়কের বাড়ি ছাড়াও একইসঙ্গে সাতসকাল থেকে আয়কর দপ্তরের অভিযান শুরু হয় বার্নপুরে ধরমপুরের বাসিন্দা স্ক্র্যাপ বা ছাঁট লোহার কারবারি ও প্রোমোটার সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়ি ও অফিসে। অভিযান চলে বার্নপুরের বাসিন্দা তাঁর হিসাবরক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পঙ্কজ আগরওয়াল ও এক ঘনিষ্ঠর বাড়িতেও।
একইভাবে এদিন সাতসকালে আয়কর দপ্তরের আধিকারিকরা আসেন আসানসোল শহরের মসজিদ বাড়ি লেনে অন্যতম বড় প্রোমোটার ও ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও অফিসেও। এই ব্যবসায়ীর হিসাবরক্ষকের বাড়িতেও আয়কর দপ্তরের আধিকারিকরা যান বলেও জানা গিয়েছে। আয়কর দপ্তরের এই অভিযান নিয়ে এদিন বিকেল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মহঃ সোহরাব আলি ও মহেন্দ্র শর্মার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সকালে সৈয়দ ইমতিয়াজ আহমেদ আয়কর দপ্তরের অভিযানের খবর পেয়ে বাড়ি ঢোকার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।শীতের সকালে ঘুম থেকে কেউ ওঠার আগেই ভোরবেলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কেন্দ্রীয় সংস্থা আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান আসানসোল ও বার্নপুরে। প্রায় ৬০ জনের মতো আধিকারিক ও কর্মীরা রয়েছেন আয়কর দপ্তরের দলে। তাঁদের সঙ্গে ১০০ জনের মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। এই অভিযানকে কেন্দ্র করে আসানসোল ও বার্নপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Loading